Showing posts with label ফার্নিচার. Show all posts
Showing posts with label ফার্নিচার. Show all posts

Thursday, January 11, 2018

ফার্নিচার কিনবেন? সেগুন এবং মেহগনি কাঠের ফার্নিচার কিনুন

By Ripon Abu Hasnat   Posted at  11:56 PM   ফার্নিচারের কাঠ 1 comment

ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে মূলত রেইনট্রি, মেহগনি, কড়াই, সেগুন, গজারী, জাম, আম ও কাঠাল প্রভৃতি কাঠ। সেগুন এবং মেহগনি কাঠের ফার্নিচার দামে বেশি হলেও দারুন টেকসই। বলা হয়ে থাকে সেগুন কাঠ অন্যান্য সব কাঠের চাইতে মজবুত এবং সেইসাথে মূল্যবান কাঠ। সেগুন কাঠের ফার্নিচার দেখলেই বোঝা যায় এটা সেগুন কাঠের তৈরি। তবুও কিছু নিদর্শন দেখলে বোঝা যায় সেগুন কাঠ কি রকমের হয়ে থাকে। তবে ভুলেও জাহাজের কাঠের ফার্নিচার রেডিমেড কিনবেন না বা অর্ডার দিয়ে বানাবেনও না। 

আমেরিকা থেকে আমদানীকৃত রেড ওক কাঠ বেশ ভালো, তবে খুবই এক্সপেন্সিভ। ওক কাঠের ফার্নিচার আমি ব্যবহার করছি, এবং ব্যবহার করে আমি সন্তুষ্ট। ওক কাঠের ফার্নিচার ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড দুটোই পাবেন। ব্র্যান্ডগুলোর মধ্যে আছে হাতিল, নাভানা, অটবি, নাদিয়া, রিগ্যাল ইত্যাদি। 

এছাড়া মোটামোটি বাজেটের মধ্যে মালয়েশিয়া থেকে আমদানি করা লেমিনেটেড বোর্ড দিয়ে তৈরী ফার্নিচারগুলোও বেশ ভালো। মোটামোটি কিছু আইডিয়া দেবার চেষ্টা করলাম, এবার বুঝেশুনে পছন্দসই ফার্নিচার কিনে ফেলুন। রুচিশীল ও গুণগত মানের বিচারে ফার্নিচার কিনতে চাইলে দামের সাথে একটু আপোষ করতেই হবে আপনাকে।

ভাঁজে ভাঁজে ফার্নিচার

By Ripon Abu Hasnat   Posted at  7:00 PM   ফোল্ডিং ফার্নিচার 1 comment
ছোট থেকে ছোটতর হচ্ছে ফ্ল্যাটের আয়তন। এসব কারণে ফোল্ডিং ফার্নিচারের ব্যবহার বেশি হচ্ছে। খাট থেকে শুরু করে চেয়ার, টেবিল, সোফা সবই এখন ফোল্ডিং। কাজ শেষে এসব ফার্নিচার ভাঁজ করে তুলে রাখা যায়। অথবা অন্যভাবে ব্যবহার করা যায়। কোথায় কি ফোল্ডিং ফার্নিচার ব্যবহার করবেন, জেনে নিন।

স্টুডিও অ্যাপার্টমেন্ট, গেস্টরুম, ফ্যামিলি লিভিং এমনকি ড্রয়িং রুমেও রাখতে পারেন ফোল্ডিং খাট। দিনের বেলা সোফা আর রাতের বেলা খাট হিসেবে ব্যবহার করা যায়। ফোল্ডিং খাট দুই বা তিন ভাঁজের হয়। বড় খাটের প্রয়োজন হলে তিন ভাঁজের খাট নিন। দুই ভাঁজের খাট সাধারণত কাপল বেড হিসেবে ব্যবহার করা যায়।

বাজারে বিভিন্ন ধরনের ভাঁজ করা খাবার টেবিল পাওয়া যায়। কিছু খাবার টেবিল পুরোটাই ভাঁজ করে রাখা যায়। আবার কিছু খাবার টেবিলের খানিকটা অংশ ভাঁজ করে টেবিলের আকৃতিটা ছোট করে রাখা যায়। যেমন, একটা চার ফুট বর্গাকার খাবার টেবিল। আরো দুই ফুট করে একটু গোলাকার অংশ ভাঁজ করে দুই পাশে ঝোলানো থাকে। প্রয়োজনমতো ভাঁজ করা অংশ দুটো খুলে এটাকে আট ফুটের বড় খাবার টেবিল করে নেওয়া যায়। প্রয়োজন অনুযায়ী খাবার টেবিল বেছে নিন। জায়গা একেবারে না থাকলে পুরো ফোল্ডিং টেবিল নিন। ব্যবহার শেষে স্টোররুম বা কোনো পর্দার পেছনে লুকিয়ে রাখা যায়। কিছু টেবিল আছে ছোট বড় দুই রকমই করা যায়। সেরকমই টেবিলও বেছে নিতে পারেন। খাবার টেবিলে সাধারণ চেয়ারের পাশাপাশি বেশি অতিথির জন্য কিছু ফোল্ডিং চেয়ার রাখুন। প্রয়োজনে এ চেয়ারগুলো বসার ঘরেও ব্যবহার করা যাবে।

বসার ঘরের সেন্টার টেবিলটিও ভাঁজ করে রাখা যায়। আর কিছু সেন্টার টেবিল বসার টুল হিসেবে ব্যবহার করা যায়। চারটি টুল একত্রে করলে সেন্টার টেবিল হয়। আলাদা করলে টুল হয়ে যায়। শিশুদের ঘর ছোট হলে সেখানে একটা ফোল্ডিং পড়ার টেবিল রাখুন। দেয়ালে কেবিনেট করে বুকশেলফ করে এর সঙ্গে পড়ার টেবিল জুড়ে দিন। পড়া শেষে টেবিল ভাঁজ করে ক্যাবিনেটের ভেতর ঢুকিয়ে রাখা যাবে। শিশুদের ভাঁজ করা খেলনা ঘরও পাওয়া যাচ্ছে। ৪ ফুট x ৪ ফুট বা ৪ ফুট x ৬ ফুট খেলনা ঘর নিতে পারেন শিশুর জন্য। দরজা-জানালাসহ পুরে ঘরটাই ভাঁজ করে রাখতে পারবেন অনায়াসে।

ঘরের সৌন্দর্যে দেয়াল সেলফ

By Ripon Abu Hasnat   Posted at  11:13 AM   ফার্নিচার No comments
ঘর সাজাতে আর গোছাতে আধুনিক ফার্নিচারে যোগ হয়েছে দেয়াল শেলফ। সাধারণত কাঠ, বাঁশ, বেত, কাঁচ, প্লাস্টিক, বিভিন্ন ধরণের বোর্ড দিয়ে তৈরি করা হচ্ছে এই শেলফ। লাইট বিচ , ওক , ব্লাক , খয়েরি, ম্যাপল, একাধিক রঙের কম্বিনেশন শেলফ চোখে পড়বে বাজার ঘুরলে। দেয়ালে শেলফ সেটে দেবার জন্য বেছে নিতে হবে জানালা বিহীন দেয়ালটি। ফ্লোর থেকে তিন চার ফুট বাদ দিয়ে বাকী দেয়ালে সেট করা যেতে পারে। অথবা পুরো দেয়ালজুড়েও বসিয়ে দিতে পারেন শেলফ। আবার অনেক বড় না করে ছোট পাট-পাট করে ঘরের প্রয়োজন অনুযায়ী জায়গাগুলতেও সেট করা যায়। যেমন বারান্দার কর্নারের দেয়ালে রাখা যেতে পারে ছোট শেলফ । রাখতে পারেন ওয়াশ রুমের সামনের দেয়ালটিতে। তবে ড্রইং রুমেই বেশি মানানসই।
 
দেয়ালে নান্দনিক শেলফ শেলফ সাজিয়ে তুলতে পারেন- ট্যারাকোটা, পটারি আর ছোট বড় শোপিস দিয়ে। রাখতে পারেন ফটোফ্রেম, ফুলদানী, পছন্দের বই আর ম্যাগাজিন। তাছাড়া শেলফটি যদি হয় ড্রইং রুমে তাহলে নিজের অর্জিত কোন পুরুস্কার সাজিয়ে দিতে পারেন।

যারা ঘরটা দেশীয় সাজে সাজাতে চান তারা বেছে নিতে পারেন বাঁশ বা বেতের তৈরি শেলফ। আর ভিক্টোরিয়ান লুক চাইলে কাঠের শেলফই পূরণ করতে পারবে আপনার চাহিদা। যদিও কেউ কেউ কাঁচের আসবাবের দিকে ঝুঁকছেন। আপনি যদি সেই দলের হোন বেছে নিন কাঁচের বক্স শেলফ। আর ঘরের ফার্নিচারে কম্বিনেশন চাইলে অন্যান্য ঘরের অন্যান্য ফার্নিচারের সাথে মিলিয়ে নিন। 

এই শেলফের সুবিধা হচ্ছে খুব সহজেই দেয়ালে যেমন সেট করা যায় আবার প্রয়োজন মত বদলে নেয়া যায়। ঘরের সাজে নতুন লুক আনতে চাইলে দেয়ালের শেলফ খুলে নতুন ডিজাইন অনুযায়ী সেট করা যাবে। তবে দ্বিতীয় বার শেলফ সেট করলে আগের তুলনায় ছোট হয়ে যাবে।

কি কি বিষয় খেয়াল রেখে সেট করতে হবে
দেয়ালের রঙের সাথে মিলিয়ে শেলফ সেট করে দিতে পারেন। এতে করে শেলফে সাজানো জিনিস আরও উজ্জ্বল দেখাবে। একই রুমের চার দেয়ালের মধ্যে যদি একটি দেয়ালের রঙ ভিন্ন হয় তাহলে ঐ রঙের বর্ডার করে দিতে পারেন শেলফে। সাধারণত শিশুদের ঘরের শেলফ কালারফুল করা ভাল।

পাবেন কোথায়
হাতিল বা অটবির শো রুম থেকে কিনে নিতে পারেন তৈরি করা শেলফ। এছাড়া যে কোন ফার্নিচারের দোকান থেকে বানিয়ে নিতে পারবেন। বেতের শেলফ পাবেন মহাখালীর আমতলীতে। প্লাস্টিকের শেলফ মিলবে নিউমার্কেটে।

দরদাম
দাম নির্ভর করে সাইজ, ডিজাইন আর কি দিয়ে বানাচ্ছেন তার উপর। জানিয়ে দিচ্ছি সম্ভাব্য দরদাম । ৫/৪ ফুটের শেলফের দাম- প্লাস্টিকের ৭০০- ১০০০ টাকা। বেতের ৪০০০ টাকা, কাঁচের ৬০০০ থেকে সাড়ে ৭ হাজার টাকা। রড আয়রন সাড়ে ৭ হাজার টাকা। সেগুন কাঠ দিয়ে বানাতে খরচ করতে হবে ২০ হাজার টাকা। তবে কেরোসিন কাঠ দিয়ে ২০০০ টাকার মধ্যে বানিয়ে নিতে পারবেন নান্দনিক শেলফ। অটবি ব্র্যান্ডের শেলফ কিনতে পারবেন ১০,১০০ টাকায়।

দোলনা হতে পারে গৃহসজ্জার অনুষঙ্গও!

By Ripon Abu Hasnat   Posted at  11:07 AM   ফার্নিচার No comments
দোলনায় দুলে কেটে যায় আমাদের শৈশবের অনেকটা সময়। শুধু শৈশব কেন, জীবনের যেকোনো সময়েই দোলনা হতে পারে মানুষের সঙ্গী। আঙ্গিনার আমগাছের শাখে দোলনায় দুলে হোক আর বাড়ির এক চিলতে বারান্দায় দোলনায় দুলে হোক – প্রশান্তি ও আনন্দ মনকে ছুঁয়ে যাবেই!

দোলনা হতে পারে গৃহসজ্জার অনুষঙ্গও। এতে যেমন প্রকাশ পাবে শৌখিন মনোভাব, তেমনি চমত্‍কার কেটে যাবে অবসর সময়গুলো। অলস দুপুর, মনোরম বিকেল অথবা সারাদিনের কাজ থেকে ফিরে ক্লান্তিময় সময়টুকু দোলনায় দোল খেতে খেতে চায়ে চুমুক দিয়ে অথবা বই পড়ে ভালোই লাগে । বসার ঘর, শোবার ঘর, বারান্দায়, ছাদে বা উঠোনে – যেকোনো জায়গায় ঝোলাতে পারি শখের দোলনা।

অন্দরমহলে দোলনার ব্যবহার নিয়ে রয়েছে নানাজনের নানা জল্পনা-কল্পনা। ঘরের ভেতর বিভিন্ন জায়গায় দোলনার ব্যবহার তো রয়েছেই আর বাগান ও ছাদে রয়েছে দোলনার একক আধিপত্য।

বাগান ও ছাদ :
যারা একটু শৌখিন তারা বাসার সামনে বিশাল জায়গায় বাড়ির লন, উঠান অথবা ছাদে একটি দোলনা রাখতে পছন্দ করেন। তবে সে ক্ষেত্রে ম্যাটারিয়ালের দিকে একটু নজর রাখতে হবে। সাধারণত এসব স্থানের জন্য ব্যবহার করা ভালো বাঁশ, স্টিল ও আয়রনের দোলনা। যেহেতু জায়গাটাই অন্দরমহলের বাইরে সেহেতু সেখানে ঝড়-বৃষ্টি, ধুলা-বালু প্রবেশের সম্ভাবনাই বেশি।

সে জন্য এ ধরনের ম্যাটারিয়ালের দোলনা সহজেই পরিষ্কার করা যায়। গাছের ডাল কেটেও আপনি তৈরি করে নিতে পারেন নিজের পছন্দসই দোলনা। সে ক্ষেত্রে সঙ্গে রাখুন দড়ি দিয়ে তৈরিকৃত দোলনা। দোলনার চারপাশে ঝুলিয়ে দিন নানা ধরনের ডেকোরেটিভ আইটেম। মাটির ঘণ্টা, হারিকেনের পাশাপাশি শিকেতেও ঝুলিয়ে দিতে পারেন এসব নান্দনিক জিনিস। কাঠের দোলনা বাইরে ব্যবহার না করাই ভালো। পানি লাগলেই এ দোলনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে স্ট্যান্ডসহ দোলনা ব্যবহার করা উচিত, যাতে আপনি দরকার হলেই সরিয়ে নিতে পারেন এক জায়গা থেকে অন্য জায়গায়।

বারান্দা :
যাদের বারান্দা একটু বড় তারা অনায়াসে একটি দোলনা রেখে দিতে পারেন এক কর্নারে। তবে সেই ক্ষেত্রে স্ট্যান্ডসহ দোলনা হলেই ভালো। তাহলে আপনি কিছুদিন পরপর ঘর নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন আসবাব স্থান বদল করে। আর যদি জায়গা না থাকে তাহলে বারান্দার ছাদ থেকে ঝুলিয়ে দিন মাঝারি সাইজের একটি দোলনা। বারান্দার জন্য বেতের অথবা রড আয়রনের দোলনা উত্তম। আর আপনার পছন্দমতো রঙ করিয়ে আশপাশ ইনডোর প্লান্ট দিয়ে সাজিয়ে রাখুন বারান্দাটি।

লিভিংরুম বা বেডরুম :
লিভিংরুম অথবা বেডরুমের দোলনা নির্বাচন করুন সে রুমের ফার্নিচারের সঙ্গে মিল রেখে। আপনার ফার্নিচার যদি কাঠের হয় সে ক্ষেত্রে কাঠের দোলনা ব্যবহার করুন। অবশ্যই ফার্নিচারের রঙের দিকে লক্ষ্য রাখবেন। দোলনা সাধারণত ঘরের এক কর্নারে রাখা ভালো। এমন জায়গায় রাখতে হবে যেখানে লোকজনের যাতায়াত একটু কম।

বাচ্চাদের রুম :
বাচ্চাদের রুমে দোলনা না দেওয়াই ভালো। আর যদি দিতে চান তাহলে লো হাইটের দিতে হবে, যাতে খুব উঁচু থেকে পড়ে গিয়ে ব্যথা না পায়। বাচ্চাদের রুমে দোলনার ক্ষেত্রে বিভিন্ন কালারফুল দোলনা নির্বাচন করুন। যদি সম্ভব হয় তাহলে নানা ধরনের কার্টুনের থিম দিয়ে তৈরি করুন দোলনাটি। দোলনায় বসে যাতে ব্যথা না লাগে সে জন্য ফোম দিয়ে গদি তৈরি করে তার দুই পাশে রেখে দিন কিছু ম্যাচিং কুশন। কারুকার্যময় দোলনা কেনার আগে ভালোভাবে ডিজাইনের দিকে লক্ষ্য করুন। এমন ডিজাইন নির্বাচন করুন যাতে বসলে ব্যথা না লাগে।

সম্ভব হলে বেডরুমে জানালার পাশে দোলনা রাখার চেষ্টা করুন। এতে অবসর সময়ে বই পড়া অথবা গান শোনার এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হবে।

বইয়ের তাকে আধুনিকতা

By Ripon Abu Hasnat   Posted at  11:05 AM   ফার্নিচার No comments
একটা সময় ছিল যখন পরিবারগুলোর বৈঠকখানার দেয়ালজুড়ে শোভা পেত বইয়ের তাক। কাঠের আলমারিজুড়ে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা বইগুলো তুলে ধরত বাড়ির মানুষগুলোর পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধকে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। এখন আর সব বাড়িতে আলাদা পাঠাগারের ব্যবস্থা করা হয় না৷ আবার অনেকের ইচ্ছা থাকলেও জায়গার অভাবে বাড়িতে বা ফ্ল্যাটে পাঠাগার করতে পারেন না৷  তবে ঘরের এক কোনায় ছোট্ট জায়গাতেই বই রাখার আয়োজন করা যেতে পারে। তবে অবশ্যই আপনার বাড়ির বইয়ের তাক যেন আপনার পার্সোনালিটির সঙ্গে মানানসই হয়৷

ছোট বাড়িতে বা ফ্লাটে কিন্তু দেওয়ালই ভরসা। এখন যে কোনও ফার্নিচারের দোকানেই রেডিমেড বইয়ের তাক পাবেন। কিন্তু একেবারে মাপমতো বানাতে চাইলে কারিগর দিয়ে তৈরি করে নিতে পারেন। ডিজাইনের জন্য চিন্তা করতে হবে না। ইন্টারনেট বা যে কোনও ম্যাগাজিনেই হাজার হাজার ছবি পেয়ে যাবেন। প্রয়োজন অনুযায়ী বেছে নিলেই চলবে। বানিয়ে নিলে দামও অনেকটা কম পড়বে। কাঠও নিজের পছন্দ মতো বাছতে পারবেন। ঘরের পুরো একটা দেওয়াল বই রাখার জন্য ব্যবহার করতে পারেন। না হলে দেওয়ালের কিছুটা ব্যবহার করতে পারেন। আবার কোনও আলমারি বা ক্যাবিনেটের কিছু অংশও ব্যবহার করতে পারেন।

তবে এখন বিশাল আকৃতির বইয়ের আলমারি নয়, বরং পাশ্চাত্য ঘরানায় ছোট ছোট নকশার বইয়ের তাক অন্দরসজ্জায় খুব জনপ্রিয় হয়ে উঠছে৷ বই একটু কাত করে রাখার যে নিয়ম, তা অনুসরণ করেই একটু আঁকাবাঁকা আর জ্যামিতিক নকশায় তাকগুলো বানানো যেতে পারে।

তাকের প্রথম অংশটা একটু বৃত্তাকার নকশায় রেখে তার সঙ্গে জুড়ে দিতে পারেন জিগজ্যাগ বা আঁকাবাঁকা রেখার তাক। তাকগুলোর নকশাটা এমনভাবে করা হয় যাতে কাজের ব্যস্ততার মাঝে একবার হলেও ছুঁয়ে দেখতে ইচ্ছে হবে বইগুলোকে।

আলাদা কোনো দেয়ালজুড়ে নয়, বিভিন্ন ঘরের ফাঁকা দেয়ালগুলোতেই বানাতে পারেন এমন নান্দনিক নকশায় বইয়ের তাক। ঘুমানোর আগে একটু আয়েশ করে যাঁদের বই পড়ার অভ্যাস তাঁরা ছোট ছোট কতগুলো বর্গক্ষেত্র নকশার তাক বসিয়ে দিতে পারেন শোয়ার ঘরের বিছানার ওপরের দেয়ালটিতে। এ ছাড়া বসার ঘরে নান্দনিকতা যোগ করতে বড় আকৃতির গোলাকার নকশার তাক বসিয়ে দিতে পারেন।

ঘরের দেয়ালটি যদি সাদা হয় সে ক্ষেত্রে বইয়ের তাকে বাদামি বা কালো রং করতে পারেন। আবার ঘরের দেয়ালে যদি অন্য কোনো রঙের ব্যবহার করা হয় তাহলে বইয়ের তাকে সাদা রঙের প্রলেপ ভালো দেখায়।   বইয়ের তাকের যেমনই ডিজাইন করুন না কেন আলো-বাতাসের প্রয়োজনে তা খোলা রাখা উচিত ।  বইয়ের তাকে ছিমছাম কোনও রঙিন মোম, গাছ বা শোপিস রাখতে পারেন। ছোট থেকে বড়, বাড়ির প্রত্যেক সদস্য যাতে বই হাতের নাগালে পায় তার জন্য বইয়ের তাক দেওয়ালের নীচের দিকে করুন৷

বই খোঁজার সুবিধার্থে লেখকের নামের আদ্যাক্ষর, বিষয় আর প্রয়োজনীয়তা এই তিনটির যেকোনো একটি নিয়মে সাজাতে পারেন বই। সাধারণত একটু প্রয়োজনীয় বইগুলো হাতের কাছে রাখুন। এ ছাড়া দুষ্প্রাপ্য বইগুলোর দীর্ঘায়ুর জন্য চামড়া অথবা রেক্সিন দিয়ে বাঁধাই করে নিতে পারেন।

সপ্তাহে একদিন বইগুলোর ধুলো ঝেড়ে পরিষ্কার করে নিন। পোকার আক্রমণ থেকে বাঁচাতে বইয়ের তাকের কোনায় কোনায় ন্যাপথালিন অথবা শুকনো মরিচ পোড়াও রাখতে পারেন।

নতুন বইয়ের নতুন শেলফ

By Ripon Abu Hasnat   Posted at  10:37 AM   ফার্নিচার No comments
পড়ার ঘরের এক কোণে পাঠাগারের আয়োজন শুধু পারিবারিক ঐতিহ্যই বাড়ায় না, ঘরের আভিজাত্যও ফুটিয়ে তোলে। সেকেলে আলমারির পাঠাগার এখন কেবল ইতিহাস। আধুনিকতার মিশেলে তৈরি নিত্য নতুন ডিজাইনের বুক শেলফ সবার পছন্দ। রইল বুক শেলফের সৌন্দর্যে পরামর্শ।


ঘরের কোণে বুক শেলফ কিংবা বইয়ের তাক শুধু বাড়ির মানুষগুলোর পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধকেই বাড়ায় না, পাশাপাশি ঘরের অন্দরে আনে আভিজাত্যের ছোঁয়া। সময়ের পালাবদলে মানুষের লাইফস্টাইলে এসেছে পরিবর্তন। এখন আর বাড়িতে সেকেলের আলাদা পাঠাগারের ব্যবস্থা হয় না। তবে ঘরের এক কোণে ছোট্ট একটি বুক সেলফ হয়ে উঠতে পারে অন্দরের সেরা বুক বই কর্নার।


ঘরের সৌন্দর্য বাড়াতে একটি সুন্দর সেলফের বিকল্প নেই। তবে বুক সেলফ তৈরি করতে প্রয়োজন এক্সপার্টের সহযোগিতা। বাজারের নানা ডিজাইনের বুক সেলফ মিললেও আধুনিকতার মিশেলে বুক সেলফই সবার পছন্দ। কাঠ আর পিভিসি বোর্ড— দুই ধরনের বুক সেলফই সমান জনপ্রিয়। আবার বোর্ডের মধ্যে কাঠের টেকচারও মিলবে। দেখতে অবিকল কাঠের মতোই এবং খরচেও সাশ্রয়ী। ঘরের সাজের সঙ্গে মিলিয়ে বুক সেলফ বানাতে পারবেন ইচ্ছেমতো। তবে কাঠের বুক সেলফের দাম একটু বেশি, আর রঙের ক্ষেত্রেও খুব বৈচিত্র্যতা এবং রয়েছে আভিজাত্যের ছোঁয়া। আর গুণগত মান তো আছেই। তাই খরচ একটু বেশি হলেও কাঠের বুক সেলফই সবার পছন্দ। এ ছাড়া বাঁশ-বেতের বুক সেলফও পাবেন।


বইয়ের তাকের নকশায় গত্বাঁধা ডিজাইনের চল আর এখন নেই। নতুন যোগ হয়েছে বিভিন্ন আকৃতির দেয়াল সেলফ। গোলাকার, বর্গাকার, আয়তাকার, ঢেউ খেলানো— বাহারি সব ডিজাইন আর আকৃতি। একের ভিতর অনেক, অর্থাৎ বইয়ের সেলফের সঙ্গে ফটো ফ্রেম, শোপিস আর ইনডোর প্লান্ট।


বইয়ের তাকগুলোর নকশা এমনভাবে করা হয় যাতে কাজের ব্যস্ততার মাঝে একবার হলেও ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়। আলাদা কোনো দেয়ালজুড়ে নয়, বিভিন্ন ঘরের ফাঁকা দেয়ালগুলোতেই বানাতে পারেন এমন নান্দনিক নকশায় বইয়ের তাক। ঘরের কর্নারে ত্রিকোনা লম্বাটে বইয়ের সেলফও সাজিয়ে নিতে পারেন নিজের মনমতো। মইয়ের আকৃতি, জিগজ্যাগ নকশা, সিঁড়ি নকশাসহ বেশ কয়েকটি বৈচিত্র্যময় ডিজাইন। শোয়ার ঘরে বেড শিটের সঙ্গেও রাখতে পারেন নান্দনিক এসব বুক সেলফ। এই সেলফগুলো দুই ধরনের। একটি খাটের মাথার দেয়ালে লাগানোর জন্য। অন্যটি দেয়ালের পাশে রাখার জন্য। কর্নার বুক সেলফও এখানে ব্যবহার করতে পারেন। শিশুর পড়ার ঘরের বইয়ের তাকে বৈচিত্র্য রাখুন। পড়ার ঘরের এক কোণে কিংবা দেয়ালে দিতে পারেন ব্যাডম্যান, মিকি মাউস, সিনড্রেলা, ডোরেমনসহ বিভিন্ন বুক সেলফের ডিজাইন।


বই একটু কাত করে রাখার যে নিয়ম, তা অনুসরণ করেই একটু আঁকাবাঁকা আর জ্যামিতিক নকশায় বানাতে পারেন তাকগুলো। যেমন তাকের প্রথম অংশটা একটু বৃত্তাকার নকশা  রেখে সঙ্গে জুড়ে দিতে পারেন জিগজ্যাগ বা আঁকাবাঁকা রেখার তাক। তাছাড়া ঘরের অন্যান্য আসবাবের সঙ্গে সামঞ্জস্য রেখে বইয়ের তাক নির্বাচন করুন। ঘরের দেয়ালটি যদি সাদা হয় সে ক্ষেত্রে বইয়ের তাকে বাদামি বা কালো রং করতে পারেন। আবার ঘরের দেয়ালে যদি অন্য কোনো রঙের ব্যবহার করা হয় তাহলে বইয়ের তাকে সাদা রঙের প্রলেপ ভালো মানাবে।


অন্দরে বই সাজানোর জন্য প্রয়োজনীয় বইগুলো হাতের কাছেই রাখুন। এ ছাড়া দুষ্প্রাপ্য বইগুলো চামড়া অথবা রেক্সিন দিয়ে বাঁধাই করে নিতে পারেন। বইগুলোকে ভালো রাখতে প্রয়োজন আলো-বাতাসের। তাই বুক সেলফ বসানোর স্থানটিও নির্বাচন করুন সে মতোই। সপ্তাহে একদিন বইগুলোর ধুলাবালু পরিষ্কার করে নিন।

ডিজাইন ও আকারভেদে বুক সেলফের দাম কম-বেশি হয়। আবার কাঠ বা বোর্ডের ক্ষেত্রেও দামের তারতম্য রয়েছে।

Back to top ↑
© 2013 ফার্নিচার জগত. WP Mythemeshop Converted by Bloggertheme9
Blogger templates. Proudly Powered by Blogger.