Showing posts with label Book Shelf. Show all posts
Showing posts with label Book Shelf. Show all posts

Thursday, January 11, 2018

ঘরের সৌন্দর্যে দেয়াল সেলফ

By Ripon Abu Hasnat   Posted at  11:13 AM   ফার্নিচার No comments
ঘর সাজাতে আর গোছাতে আধুনিক ফার্নিচারে যোগ হয়েছে দেয়াল শেলফ। সাধারণত কাঠ, বাঁশ, বেত, কাঁচ, প্লাস্টিক, বিভিন্ন ধরণের বোর্ড দিয়ে তৈরি করা হচ্ছে এই শেলফ। লাইট বিচ , ওক , ব্লাক , খয়েরি, ম্যাপল, একাধিক রঙের কম্বিনেশন শেলফ চোখে পড়বে বাজার ঘুরলে। দেয়ালে শেলফ সেটে দেবার জন্য বেছে নিতে হবে জানালা বিহীন দেয়ালটি। ফ্লোর থেকে তিন চার ফুট বাদ দিয়ে বাকী দেয়ালে সেট করা যেতে পারে। অথবা পুরো দেয়ালজুড়েও বসিয়ে দিতে পারেন শেলফ। আবার অনেক বড় না করে ছোট পাট-পাট করে ঘরের প্রয়োজন অনুযায়ী জায়গাগুলতেও সেট করা যায়। যেমন বারান্দার কর্নারের দেয়ালে রাখা যেতে পারে ছোট শেলফ । রাখতে পারেন ওয়াশ রুমের সামনের দেয়ালটিতে। তবে ড্রইং রুমেই বেশি মানানসই।
 
দেয়ালে নান্দনিক শেলফ শেলফ সাজিয়ে তুলতে পারেন- ট্যারাকোটা, পটারি আর ছোট বড় শোপিস দিয়ে। রাখতে পারেন ফটোফ্রেম, ফুলদানী, পছন্দের বই আর ম্যাগাজিন। তাছাড়া শেলফটি যদি হয় ড্রইং রুমে তাহলে নিজের অর্জিত কোন পুরুস্কার সাজিয়ে দিতে পারেন।

যারা ঘরটা দেশীয় সাজে সাজাতে চান তারা বেছে নিতে পারেন বাঁশ বা বেতের তৈরি শেলফ। আর ভিক্টোরিয়ান লুক চাইলে কাঠের শেলফই পূরণ করতে পারবে আপনার চাহিদা। যদিও কেউ কেউ কাঁচের আসবাবের দিকে ঝুঁকছেন। আপনি যদি সেই দলের হোন বেছে নিন কাঁচের বক্স শেলফ। আর ঘরের ফার্নিচারে কম্বিনেশন চাইলে অন্যান্য ঘরের অন্যান্য ফার্নিচারের সাথে মিলিয়ে নিন। 

এই শেলফের সুবিধা হচ্ছে খুব সহজেই দেয়ালে যেমন সেট করা যায় আবার প্রয়োজন মত বদলে নেয়া যায়। ঘরের সাজে নতুন লুক আনতে চাইলে দেয়ালের শেলফ খুলে নতুন ডিজাইন অনুযায়ী সেট করা যাবে। তবে দ্বিতীয় বার শেলফ সেট করলে আগের তুলনায় ছোট হয়ে যাবে।

কি কি বিষয় খেয়াল রেখে সেট করতে হবে
দেয়ালের রঙের সাথে মিলিয়ে শেলফ সেট করে দিতে পারেন। এতে করে শেলফে সাজানো জিনিস আরও উজ্জ্বল দেখাবে। একই রুমের চার দেয়ালের মধ্যে যদি একটি দেয়ালের রঙ ভিন্ন হয় তাহলে ঐ রঙের বর্ডার করে দিতে পারেন শেলফে। সাধারণত শিশুদের ঘরের শেলফ কালারফুল করা ভাল।

পাবেন কোথায়
হাতিল বা অটবির শো রুম থেকে কিনে নিতে পারেন তৈরি করা শেলফ। এছাড়া যে কোন ফার্নিচারের দোকান থেকে বানিয়ে নিতে পারবেন। বেতের শেলফ পাবেন মহাখালীর আমতলীতে। প্লাস্টিকের শেলফ মিলবে নিউমার্কেটে।

দরদাম
দাম নির্ভর করে সাইজ, ডিজাইন আর কি দিয়ে বানাচ্ছেন তার উপর। জানিয়ে দিচ্ছি সম্ভাব্য দরদাম । ৫/৪ ফুটের শেলফের দাম- প্লাস্টিকের ৭০০- ১০০০ টাকা। বেতের ৪০০০ টাকা, কাঁচের ৬০০০ থেকে সাড়ে ৭ হাজার টাকা। রড আয়রন সাড়ে ৭ হাজার টাকা। সেগুন কাঠ দিয়ে বানাতে খরচ করতে হবে ২০ হাজার টাকা। তবে কেরোসিন কাঠ দিয়ে ২০০০ টাকার মধ্যে বানিয়ে নিতে পারবেন নান্দনিক শেলফ। অটবি ব্র্যান্ডের শেলফ কিনতে পারবেন ১০,১০০ টাকায়।

বইয়ের তাকে আধুনিকতা

By Ripon Abu Hasnat   Posted at  11:05 AM   ফার্নিচার No comments
একটা সময় ছিল যখন পরিবারগুলোর বৈঠকখানার দেয়ালজুড়ে শোভা পেত বইয়ের তাক। কাঠের আলমারিজুড়ে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা বইগুলো তুলে ধরত বাড়ির মানুষগুলোর পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধকে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। এখন আর সব বাড়িতে আলাদা পাঠাগারের ব্যবস্থা করা হয় না৷ আবার অনেকের ইচ্ছা থাকলেও জায়গার অভাবে বাড়িতে বা ফ্ল্যাটে পাঠাগার করতে পারেন না৷  তবে ঘরের এক কোনায় ছোট্ট জায়গাতেই বই রাখার আয়োজন করা যেতে পারে। তবে অবশ্যই আপনার বাড়ির বইয়ের তাক যেন আপনার পার্সোনালিটির সঙ্গে মানানসই হয়৷

ছোট বাড়িতে বা ফ্লাটে কিন্তু দেওয়ালই ভরসা। এখন যে কোনও ফার্নিচারের দোকানেই রেডিমেড বইয়ের তাক পাবেন। কিন্তু একেবারে মাপমতো বানাতে চাইলে কারিগর দিয়ে তৈরি করে নিতে পারেন। ডিজাইনের জন্য চিন্তা করতে হবে না। ইন্টারনেট বা যে কোনও ম্যাগাজিনেই হাজার হাজার ছবি পেয়ে যাবেন। প্রয়োজন অনুযায়ী বেছে নিলেই চলবে। বানিয়ে নিলে দামও অনেকটা কম পড়বে। কাঠও নিজের পছন্দ মতো বাছতে পারবেন। ঘরের পুরো একটা দেওয়াল বই রাখার জন্য ব্যবহার করতে পারেন। না হলে দেওয়ালের কিছুটা ব্যবহার করতে পারেন। আবার কোনও আলমারি বা ক্যাবিনেটের কিছু অংশও ব্যবহার করতে পারেন।

তবে এখন বিশাল আকৃতির বইয়ের আলমারি নয়, বরং পাশ্চাত্য ঘরানায় ছোট ছোট নকশার বইয়ের তাক অন্দরসজ্জায় খুব জনপ্রিয় হয়ে উঠছে৷ বই একটু কাত করে রাখার যে নিয়ম, তা অনুসরণ করেই একটু আঁকাবাঁকা আর জ্যামিতিক নকশায় তাকগুলো বানানো যেতে পারে।

তাকের প্রথম অংশটা একটু বৃত্তাকার নকশায় রেখে তার সঙ্গে জুড়ে দিতে পারেন জিগজ্যাগ বা আঁকাবাঁকা রেখার তাক। তাকগুলোর নকশাটা এমনভাবে করা হয় যাতে কাজের ব্যস্ততার মাঝে একবার হলেও ছুঁয়ে দেখতে ইচ্ছে হবে বইগুলোকে।

আলাদা কোনো দেয়ালজুড়ে নয়, বিভিন্ন ঘরের ফাঁকা দেয়ালগুলোতেই বানাতে পারেন এমন নান্দনিক নকশায় বইয়ের তাক। ঘুমানোর আগে একটু আয়েশ করে যাঁদের বই পড়ার অভ্যাস তাঁরা ছোট ছোট কতগুলো বর্গক্ষেত্র নকশার তাক বসিয়ে দিতে পারেন শোয়ার ঘরের বিছানার ওপরের দেয়ালটিতে। এ ছাড়া বসার ঘরে নান্দনিকতা যোগ করতে বড় আকৃতির গোলাকার নকশার তাক বসিয়ে দিতে পারেন।

ঘরের দেয়ালটি যদি সাদা হয় সে ক্ষেত্রে বইয়ের তাকে বাদামি বা কালো রং করতে পারেন। আবার ঘরের দেয়ালে যদি অন্য কোনো রঙের ব্যবহার করা হয় তাহলে বইয়ের তাকে সাদা রঙের প্রলেপ ভালো দেখায়।   বইয়ের তাকের যেমনই ডিজাইন করুন না কেন আলো-বাতাসের প্রয়োজনে তা খোলা রাখা উচিত ।  বইয়ের তাকে ছিমছাম কোনও রঙিন মোম, গাছ বা শোপিস রাখতে পারেন। ছোট থেকে বড়, বাড়ির প্রত্যেক সদস্য যাতে বই হাতের নাগালে পায় তার জন্য বইয়ের তাক দেওয়ালের নীচের দিকে করুন৷

বই খোঁজার সুবিধার্থে লেখকের নামের আদ্যাক্ষর, বিষয় আর প্রয়োজনীয়তা এই তিনটির যেকোনো একটি নিয়মে সাজাতে পারেন বই। সাধারণত একটু প্রয়োজনীয় বইগুলো হাতের কাছে রাখুন। এ ছাড়া দুষ্প্রাপ্য বইগুলোর দীর্ঘায়ুর জন্য চামড়া অথবা রেক্সিন দিয়ে বাঁধাই করে নিতে পারেন।

সপ্তাহে একদিন বইগুলোর ধুলো ঝেড়ে পরিষ্কার করে নিন। পোকার আক্রমণ থেকে বাঁচাতে বইয়ের তাকের কোনায় কোনায় ন্যাপথালিন অথবা শুকনো মরিচ পোড়াও রাখতে পারেন।

পড়ার টেবিলটা হোক রোমাঞ্চকর

By Ripon Abu Hasnat   Posted at  11:00 AM   Latest No comments
পড়াশোনা কথাটার সঙ্গে রিডিং টেবিল যেন আষ্টেপৃষ্ঠে জড়িত। সেই চিরাচরিত কাঠের একটা টেবিল, কিছু ড্রয়ার কিংবা মাথার ওপর ভারী একটা ক্যাবিনেট মানেই পড়ার টেবিল। কিন্তু এই জায়গাটা যে আসলে কত বেশি ‘রোমাঞ্চকর’ হতে পারে তা কেবল রিডিং টেবিল ব্যবহারকারীরাই উপলব্ধি করতে পারবে।

একটু ভিন্ন আঙ্গিকে নিজের পছন্দ এবং সুবিধা অনুযায়ী তৈরি করে নিতে পারেন পড়ার টেবিল। খুব যে আহামরি খরচ বা ব্যয়বহুল হবে তৈরি করতে তা কিন্তু নয়। বরং নিজের জীবনের অত্যন্ত জরুরি একটা জায়গা মনের মতো থাকা এবং মনোনিবেশ করাটাই হলো জরুরি।

সাধারণত, কাঠবোর্ড বা অন্য কোনো উপকরণেও পারেন পড়ার টেবিল তৈরি করতে। তবে প্রচলিত বৃত্তের ধারা অনুযায়ী আমরা কাঠের বা প্রসেসড উডের বাইরে যেতে চাই না। আর ডিজাইনের ক্ষেত্রে আজকাল অনেক বেশি আধুনিক ভাবনা থাকায় খুব স্লিম কনটেম্পোরারি নকশাই আমাদের মন টানে। তাই দেখা যায় সনাতনী সেই দুপাশে ভারী ড্রয়ার আর মাথার ওপর বিশাল ক্যাবিনেট খুব একঘেয়ে লাগে।

খুব স্লিম একটা টপ, হালকা কিছু ড্রয়ার কিন্তু পর্যাপ্ত বই কিংবা প্রয়োজনীয় উপকরণ রাখার আধুনিক ডিজাইনের ক্যাবিনেট যদি সুসজ্জিতভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় তবে পারিপার্শ্বিক অন্যান্য আসবাবের পাশাপাশি পড়ার টেবিলও হয়ে উঠবে আকর্ষণীয়। আর আজকাল বেশিরভাগ সময় দেখা যায় ছোট ছোট ড্রয়ার বা ক্যাবিনেট ইউনিটগুলো যে যার মতো সুবিধা অনুযায়ী বানিয়ে নেন। এতে করে পছন্দ মতো ডিজাইন করা ইউনিটগুলো সুবিধা অনুযায়ী সাজিয়ে নেয়া যায়। যাকে আমরা অনেক সময় পোর্টেবল ফার্নিচার বলে থাকি।

তবে সত্যি কথা হলো পড়ার টেবিল আকর্ষণীয় দেখার চেয়ে মূল ব্যাপার হলো পড়ার ক্ষেত্রে মনোনিবেশ করা এবং কাজে লাগানো। তাই সার্বিক দিক বিবেচনা করে টেবিল তৈরির সময় প্রয়োজনীয় ক্যাবল (তার), লাইটের পয়েন্ট, উপযুক্ত ড্রয়ার ইউনিট করে নেয়া ভালো। এতে করে বাড়তি করে কোনো ঝামেলার উপদ্রব হবে না।

আর টেবিল যদি হয় ছোট্ট সোনামণির, তবে তার সুবিধা আর শারীরিক গঠনের মাপ অনুযায়ী তৈরি করতে হবে। আজকাল অনেক মা-বাবাই শিশুর পড়ার টেবিলের পাশের দেয়ালগুলোকে বইয়ের যেকোনো ছড়া বা গল্প অনুসারে রাঙিয়ে তোলেন। পড়ার বইয়ের বিষয়টি যখন দেয়ালে ফুটে  উঠবে, তখন শিশু এমনিতেই মজা পাবে। এছাড়া টেবিলের পাশে ক্যাবিনেট করা সম্ভব হলে সেখানে বইগুলো সাজিয়ে রাখার পাশাপাশি শিশুর পছন্দসই খেলনাও রাখতে পারেন। এছাড়া পড়ার টেবিলেই বিভিন্ন বুদ্ধিদীপ্ত খেলার আয়োজন রাখতে পারেন।

আর সাধারণ মাপের পড়ার টেবিল তৈরিতে একান্তই নিজের ইচ্ছা অনুযায়ী সঠিক মাপের ভিত্তিতেই বানাতে হবে। কারণ দীর্ঘসময় টেবিলে বসতে হয়। আর টেবিল যদি সঠিক মাপে তৈরি না হয় তবে নানান ধরনের শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। আর গুরুত্বপূর্ণ দিক হলো, পড়ার টেবিল সুন্দর করে গুছিয়ে রাখা। সাধারণত দেখা যায় পড়া শেষ করেই আমরা বই-পত্র, খাতা-কলম ছড়িয়ে রাখি। যা একেবারেই বেমানান লাগে পড়ার টেবিলের জন্য। এতে করে অনেক সময় পড়ার টেবিলে বসার প্রতি আগ্রহ কমে যায়। পড়া শেষে জিনিসপত্র টেবিলের নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখাটা অতি প্রয়োজন। তাহলে অটুট থাকবে টেবিলের সৌন্দর্য এবং পড়ালেখা নির্ভর যেকোনো জিনিস খুঁজে পাওয়া সহজ হবে। এতে পড়াশোনার জায়গাটাও দেখতে দারুণ লাগবে।

যদি ইচ্ছে হয় বাড়তি নয়নাভিরাম এবং চোখের চাপ কমাতে কৃত্রিম আলো সংযোজন করতে পারেন পড়ার টেবিলের সাথেই। কম আলোতে কখনোই পড়াশোনা করা উচিত নয়। এতে চোখের ক্ষতি হতে পারে। তাই পড়ার টেবিলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে ঘরের যেখানে আলোর উৎস, তার কাছাকাছি টেবিলটা রাখলে বেশি কাজে দেবে। এছাড়াও টেবিল ল্যাম্প লাইটের ব্যবস্থা রাখতে পারেন। এছাড়া বানানো পড়ার টেবিল যেন খুব ভালো ফিনিশিং হয় তা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।

জীবনের প্রায় দীর্ঘ একটা সময় কেটে যায় এই পড়ার টেবিলে। পরীক্ষার চাপ আর ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ এবং নীতিগত শিক্ষা এই পড়ার টেবিলেই বিকশিত হয় সুশিক্ষার মাধ্যমে। সুস্থ শিক্ষা আর স্বাস্থ্যকর পারিবারিক পরিবেশ পরিবারের প্রতিটি সদস্যের জন্যই কাম্য।

Back to top ↑
© 2013 ফার্নিচার জগত. WP Mythemeshop Converted by Bloggertheme9
Blogger templates. Proudly Powered by Blogger.